সমস্যা হচ্ছে কেউ যদি একবার জানতে পারে তার উচ্চ
রক্তচাপ রয়েছে, তাহলে তিনি সহজে স্বাভাবিক জীবন যাপন করতে পারেন না। বরং নানা দুশ্চিন্তায়
ভুগতে থাকেন।এর কতটুকু বাস্তব আর কতটুকু কাল্পনিক তা বিচার সাপেক্ষ হলেও
একবার রক্তচাপ মেপে কাউকে উচ্চ রক্তচাপের রোগী হিসেবে চিহ্নিত করা ঠিক নয়। এখন প্রশ্ন হচ্ছে
উচ্চ রক্তচাপের ফলে যদি কোন উপসর্গই না দেখা দেয় তা হলে এর চিকিৎসার কি দরকার? আসলে
কোন শারীরিক অসুবিধা দূর করা উচ্চ রক্তচাপের চিকিৎসার মূল উদ্দেশ্য নয়। চিকিৎসা করার
আসল উদ্দেশ্য এর মারাত্মক জটিলতাগুলো প্রতিরোধ করা। যেসব রোগ একবার
হলে সারা জীবন ধরে মানুষকে ভোগায়, উচ্চ রক্তচাপ তাদের মধ্যে অন্যতম। একবার কারও সত্যিকার
অর্থে উচ্চ রক্তচাপ নির্ণীত হলে এবং তার কোন অন্তর্নিহিত কারণ খুঁজে না পাওয়া গেলে
তাকে বাকী জীবন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হয়। কারণ উচ্চ রক্তচাপের
ফলে সৃষ্ট জটিলতা মানুষের আয়ু কমিয়ে দেয়। অথচ এটা সম্পর্কে
সঠিক ধারণা না থাকার কারণে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয়তা অনেকে বুঝতে চান না।
উচ্চ রক্তচাপের চিকিৎসা সাময়িক ভাবে কাজে আসছে
না মনে হলেও ভবিষ্যতের অনেক বিপদ এর মাধ্যমে এড়ানো আসলেই জরুরী।
কিন্তু আমাদের দেশে রোগীদের একটি সাধারণ প্রবণতা
হচ্ছে ওষুধ নিয়মিত সেবন না করা। অথবা অসুবিধার সময় ইচ্ছেমতো দু চারটে বড়ি খেয়ে
নেওয়া। এটা খুবই ক্ষতিকর।উচ্চ রক্তচাপের
একেবারে চিকিৎসা না করার চেয়ে এটা কম বিপজ্জনক নয়। উচ্চ রক্তচাপ
নিয়ন্ত্রণের জন্য ওষুধ লাগবে কিনা কিংবা কোন ওষুধ লাগবে তা একজন চিকিৎসকই নির্ধারণ
করবেন। রোগীকে তা নিয়মিত সেবন করতে হবে এবং নিয়ম মাফিক
রক্তচাপ পরীক্ষা করাতে হবে। যেহেতু উচ্চ রক্তচাপ সারা জীবনের রোগ, তাই এ রোগের
বিভিন্ন দিক সম্পর্কে প্রত্যেক চিকিৎসকের সজাগ দৃষ্টি রাখতে হয় যেন রোগী অকারণে উদ্বিগ্ন
কিংবা ভীত না হয়ে এ রোগটি সম্পর্কে সঠিক ধারণা পেতে পারেন।
উচ্চ রক্তচাপ
নিয়ন্ত্রণের প্রধান উদ্দেশ্য হচ্ছে উচ্চ রক্তচাপের ফলে সৃষ্ট জটিলতা এবং পরিণামে অকাল
মৃত্যু প্রতিরোধ করা। উচ্চ রক্তচাপকে নির্দিষ্ট লক্ষ্য মাত্রায় নামিয়ে
আনার জন্য যে সকল ওষুধ ব্যবহার করা হয় তার পার্শ্ব প্রতিক্রিয়া যেন রোগীর স্বাভাবিক
জীবনযাত্রাকে ব্যাহত না করে, ওষুধের দাম যেন কেনার সংগতির মধ্যে থাকে এবং রোগী যেন
তা ঝক্কি ঝামেলা ছাড়া দীর্ঘদিন
ব্যবহার করতে পারে সেদিকেও খেয়াল রাখতে হবে। এজন্য কোন রোগীর উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে কোন ওষুধ
ব্যবহার করা হবে তা নির্ভর করে উচ্চ রক্তচাপের মাত্রা, আনুষঙ্গিক ঝুঁকি, অন্যান্য ওষুধ,
রোগীর ব্যক্তিগত পছন্দ-অপছন্দ এবং ওষুধের দাম ইত্যাদি নানা রকম উপাদানের উপর।
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য ওষুধ ব্যবহার করাই
সবকিছু নয়। ওষুধ ছাড়া জীবনাচরণ পদ্ধতি পরিবর্তনের সাহায্যেও
উচ্চ রক্তচাপ অনেক খানি কমানো যায়। আজকাল ওষুধ ব্যবহারের সঙ্গে সঙ্গে জীবনাচরণ পদ্ধতি
পরিবর্তনকেও (lifestyle
modification) গুরুত্ব দেওয়া হয়।

No comments:
Post a Comment